পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুসে চট্টগ্রামে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীদের মাঝে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার(২৬ আগস্ট) নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার জুলুস ময়দান ও এর আশপাশের এলাকায় দেশের দূর-দূরান্ত থেকে আসা মুসল্লি ও মুসাফিরদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন।
দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় আট শতাধিক মুসল্লি ও মুসাফিরের মাঝে নাস্তা, হরেক রকমের ফলমূল, সুপেয় পানি, ঠান্ডা শরবত, বিভিন্ন পদের চকলেট ও টিস্যু পেপার বিতরণ করা হয়। জশনে জুলুসে অংশ নিতে আসা ধর্মপ্রাণ মানুষ এই মানবিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন।
এ বিষয়ে সাজ্জাদ হোসেন খাঁন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসীর জন্য অত্যন্ত বরকতময় ও খুশির দিন। এই মহিমান্বিত দিনে দূর-দূরান্ত থেকে আসা প্রবীণ ও ক্লান্ত মুসল্লিদের সামান্য সেবা করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আগামীতেও সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ ধর্মীয় জনতার সেবায় এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
















