সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাফর নগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয় নিয়ে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে আলোচনা সভা, মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়কে ঘিরে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সঠিক তথ্য যাচাই না করে কোনো ধরনের গুজব বা অপপ্রচার না করার আহ্বান জানান তারা। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কামাল কদর, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক পৌর কমিশনার সেলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী এনামুল বারী, সাবেক সাধারণ সম্পাদক আইনুল কামাল,আহ্বায়ক হাজী আবু তাহের, বাবু জিতেন্দ্র নারায়ণ দাস নাটু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, নুরুদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এম জামশেদ আলম, অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন জামশেদ ও ইক্তিয়ার উদ্দিন ভূঁইয়াসহ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

















