বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিন বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন-হাটহাজারী উপজেলার নতুনপাড়র মৌলানা আকমল আলী বাড়ির মোহাম্মদ রফিকের পুত্র মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের পুত্র মোহাম্মদ ইমরান (৪৭)।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টমেট্টো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।
এদিকে নগরীর বায়েজদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।

















