ইউসেপ চরচাক্তাই টেকনিক্যাল স্কুলের বিজ্ঞান মেলা

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে: আবু সুফিয়ান

8

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।

Advertisement

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর ইউসেফ চরচাক্তাই টেকনিক্যাল স্কুলে ‘এসএসসি রেজাল্ট সেলিব্রেশন ও বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সমন্বয়ে তাদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে।

আবু সুফিয়ান বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা গেলে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগও সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু।

ইউসেফ চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান জহুরা খানম বিদ্যালয়ের বিভিন্ন সাম্প্রতিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আরা বেগম, তন্দ্রা দেব, দেবাশীষ চক্রবর্তী, ডেইজি দাশ, বিশ্বজিৎ চন্দ্র নয়, ইয়ার মোহাম্মদ, বিথীকা বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেন। পরে আবু সুফিয়ান বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।

Advertisement