দুই হত্যা মামলাসহ পাঁচ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

3

চট্টগ্রামে জুলাই আন্দোলনে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলাসহ পাঁচ মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরের ডিপো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশের ভাষ্য, ইসমাইল হোসেন বায়েজিদ বোস্তামী থানার আমীন জুট মিল এলাকার জাহানপুরের বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তবে এবার তাঁকে গ্রেপ্তারের কারণ জুলাই আন্দোলন-সংক্রান্ত কোনো মামলা নয়। একটি পোশাক কারখানা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের তৈরি পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক মহসীন উদ্দিন রুবেল বলেন, চট্টগ্রামের একটি পোশাক কারখানার গেটপাসে কাটাকাটি ও তথ্য পরিবর্তন করে ১৮ কার্টন তৈরি পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে সাজ কেনিট ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান ফাতেমা নিয়াজ উর্মি আদালতে ফৌজদারি অভিযোগ করেন। গত ২২ সেপ্টেম্বর করা ওই অভিযোগটি ডবলমুরিং থানার মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে ইসমাইলের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে- চক্রটি পোশাক কারখানাটির চেয়ারম্যান পদটি ভাগিয়ে নিতে নানা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইলের বিরুদ্ধে দুটি হত্যা মামলা ছাড়াও মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলাও রয়েছে। এসব মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর ইসমাইল হোসেনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ইসমাইলের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement