সীতাকুণ্ডে পুলিশকে মারধরের ঘটনায় যুবদল নেতা ইসমাইলকে দল থেকে বহিষ্কার

246

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যকাজে বাঁধা প্রদানের সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মো. ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিন্ধান্ত কার্যকর করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল এবং ওসির গাড়ি চালক মোঃ শফিককে মারধর করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন।

থানা সূত্রে জানা যায়, রাতে যুবদল নেতা ইসমাইল তার ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় যান। এসময় গাড়ি পার্কিং নিয়ে মডেল থানার কনস্টেবল এবং ওসির গাড়ি চালক মো. শফিকের সাথে ইসমাইল হোসেনের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে এতে কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ তাকে আটক করলেও এর চারঘন্টা পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement