ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। সেই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতিলিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ভোক্তারা।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

















