শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শুভেচ্ছা

34

বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীসহ দেশের হিন্দু সম্প্রদায়ের সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Advertisement

শারদীয় দুর্গোৎসব সত্য, সুন্দর ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার আগমন অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির বিকাশ এবং মানবকল্যাণের বার্তা বহন করে। অন্যায়, অসত্য ও অকল্যাণের বিরুদ্ধে ন্যায়, সত্য ও সুন্দরের প্রতিষ্ঠাই দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, বহুত্ববাদ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য ঐতিহ্যের দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের সাংবিধানিক অধিকার, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী বন্দরনগরী, যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখা এবং নগরীর প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নগরীর সর্বত্র আনন্দ, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক—এটাই আমার প্রত্যাশা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য ও মানবিক নগরী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং নাগরিক দায়িত্ববোধের সমন্বয়ে আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন নগরী প্রতিষ্ঠা করতে পারব। দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে উৎসব পালনের আহ্বান জানাই।

ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে মানবতা, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করি। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। অশুভ শক্তির বিনাশ হোক, শুভশক্তির জয় হোক এবং সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর বাংলাদেশ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ডা. শাহাদাত হোসেন
মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

Advertisement