নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি-দক্ষিণ) স্পেশাল টিম-০১-এর অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রুহুল আমিন (৪৫)। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১ জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির আভিযানিক দল ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসায়।
পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে পুলিশ সেটি আটক করে। এ সময় ট্রাকের চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা ট্যাবলেট থাকার কথা জানান। পরে তাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই চেম্বার থেকে মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

















