সীতাকুণ্ড প্রতিনিধি: আসলাম চৌধুরীর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা, দ্রুত বাস সার্ভিস চালুর আশ্বাস। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ভাটিয়ারী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্থায়ী বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসবিএস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ এর উদ্যোগে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
এসবিএস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আসলাম চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা এবং স্থায়ী পরিবহনব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ভাটিয়ারী থেকে বাস সার্ভিস চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
সংশ্লিষ্টদের মতে, বাস সার্ভিসটি চালু হলে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহনসংকট অনেকাংশে দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে।
এসবিএস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই উদ্যোগকে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের জন্য প্রধান পৃষ্ঠপোষক আসলাম চৌধুরী এবং ইতিবাচক সাড়া দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

















