দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৯২ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ১০ বছরে প্রায় ৬ হাজার ৫২৩ কোটি টাকার গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে।
প্রকল্পের আওতায় তিতাস গ্যাসক্ষেত্রে ৩২ ও ৩৩ নম্বর দুটি নতুন কূপ খনন করা হবে। কূপ দুটিতে প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে প্রায় ৪৫৪ কোটি টাকা এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিজস্ব অর্থায়ন থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
প্রাক্কলন অনুযায়ী, নতুন দুটি কূপ থেকে ১০ বছরে প্রায় ১০০ দশমিক ৭৪ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। পাশাপাশি প্রায় ৬০ হাজার ৪৪৪ ব্যারেল কনডেনসেট পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্যাস গ্রিডে দেশীয় গ্যাসের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য খাতে গ্যাসের চাহিদা পূরণে সহায়তা মিলতে পারে। পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।
প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।















