মিরসরাইয়ে যুবদল নেতা নওশেদ আলম বহিষ্কার

28

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বুধবার (৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ বলেন, কোন ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবেনা। সংগঠন পরিপন্থি কাজে কেউ জড়িত থাকলে কোন ছাড় নেই।

Advertisement