সীতাকুণ্ডে বিআরটিএর সচেতনতামূলক অভিযান, ১৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা

32

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি ও পণ্য পরিবহন কোম্পানির ডিপোতে যানবাহন চলাচল, পার্কিং এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি তাৎক্ষণিক মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং বিআরটিএ চট্টগ্রামের বিভাগীয় পরিচালকের নির্দেশনায় ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক মো. মুজিবসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন সংশ্লিষ্ট ব্যক্তিদের যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেনবিহীন যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র বিশৃঙ্খলভাবে পার্কিংয়ের অপরাধে ১৫টি তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত যানবাহনের চালকদের পাশাপাশি মোবাইল ফোনে সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করে ভবিষ্যতে আইন মেনে চলা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক ও সংশোধন হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহন চলাচল নিরাপদ করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Advertisement