ইরানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রবেশ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে গঠিত এ টাস্কফোর্সের মূল লক্ষ্য ইরানের সামরিক সরঞ্জাম আমদানির বিকল্প পথগুলো শনাক্ত করা এবং সেগুলো নিয়ন্ত্রণে আনা। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ও যন্ত্রাংশের সরবরাহ বন্ধে নজরদারি জোরদার করা হবে।
কাস্পিয়ান সাগর ইরান, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে সংযুক্ত। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, সমুদ্রপথে চাপের মুখে ইরান বিকল্প হিসেবে স্থলপথ ও কাস্পিয়ান সাগর ব্যবহার করতে পারে।
এর আগে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর নৌ-অবরোধ কার্যক্রম চালায় যুক্তরাষ্ট্র। নতুন এই উদ্যোগের মাধ্যমে ইরানের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের নেটওয়ার্ক আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগে চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

















