রবিনসনের অগ্নিঝরা বোলিংয়ে ইনিংস ব্যবধানে হারল ভারত

253

হেডিংলি টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয় জুটল ভারতের। লিডসে তৃতীয় টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। এতে ইনিংস ও ৭৬ রানের জয় পায় স্বাগতিক ইংল্যান্ড।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ভারত অলআউট হয়েছিল ৭৮ রানে, জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটনের বোলিং তোপে। জবাবে স্বাগতিক দল জড়ো করে রানের পাহাড়। জো রুটের দুর্দান্ত শতকে ভর করে ইংল্যান্ড জড়ো করে ৪৩২ রান। স্বাগতিক দল পায় ৩৫৪ রানের লিড।

বিশাল এই লিডের নিচেই চাপা পড়ে গেছে ভারতের স্বপ্ন। এই ম্যাচে পরাজয় ঠেকানোই ছিল ভারতের মূল লক্ষ্য। তবে সেজন্য ব্যাট করতে হত আস্ত দুটি দিন। বিরাট কোহলিদের হাতে ছিল মাত্র ৮টি উইকেট।

২ উইকেটে ২১৫ রান নিয়ে খেলতে নামা ভারত ম্যাচ বাঁচানো দূরে থাক, ইনিংস ব্যবধানে পরাজয়টাও ঠেকাতে পারেনি। অলি রবিনসনের বোলিং তোপে মাত্র ২৭৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৯১ ও অধিনায়ক বিরাট কোহলি ৫৫ রান করে সাজঘরে ফেরেন।

তাদের বিদায়ের পর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। শেষমেশ ৯৯.৩ ওভার ব্যাট করে ভারতের ইনিংস থামে ২৭৮ রানে। অলি রবিনসন একাই শিকার করেন পাঁচটি উইকেট। তিনটি উইকেট শিকার করেন ক্রেইগ ওভারটন। তৃতীয় ম্যাচ শেষে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।

সংক্ষিপ্ত স্কোর

টস : ভারত

ভারত ১ম ইনিংস : ৭৮/১০ (৪০.৪ ওভার)
রোহিত ১৯, রাহানে ১৮
অ্যান্ডারসন ৬/৩, ওভারটন ১৪/৩

ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৩২/১০ (১৩২.২ ওভার)
রুট ১২১, মালান ৭০, হামিদ ৬৮, বার্নস ৬১
শামি ৯৫/৪, বুমরাহ ৫৯/২

ভারত ২য় ইনিংস : ২৭৮/১০ (৯৯.৩ ওভার)
পূজারা ৯১, রোহিত ৫৯, কোহলি ৫৫
রবিনসন ৬৫/৫, ওভারটন ৪৭/৩

ফল : ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।

Advertisement