চট্টগ্রাম নগরীর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে সিআরবিস্থ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য সরকারি চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে। বিশেষ করে সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
ঢাকা মিন্টু রোড়স্থ বাসভবনে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের একান্ত বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে উন্নীত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও সক্ষমতাকে কাজে লাগিয়ে এটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে সেখানে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
বৈঠকে শুধু নগরীর সাধারণ মানুষের চিকিৎসাসেবা নয়, শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। এ লক্ষ্যে সীতাকুণ্ড এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসাসেবা সম্প্রসারণে মোট ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উঠে আসে।
চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র। প্রতিনিয়ত নগরীর জনসংখ্যা ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার চাহিদা বাড়ছে। এর বিপরীতে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপও উল্লেখযোগ্য। এমন বাস্তবতায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নগরীর স্বাস্থ্যসেবা অবকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
বিশেষ করে চট্টগ্রামের শিল্পাঞ্চল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, পরিবহনকর্মী ও সাধারণ মানুষ চলাচল করেন। শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের জরুরি চিকিৎসা এবং সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য সীতাকুণ্ড এলাকায় হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠা সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ এবং শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরী ও আশপাশের এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবার আওতা সম্প্রসারণের পাশাপাশি শ্রমজীবী মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগও বাড়বে।
চট্টগ্রাম নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বৃহত্তর লক্ষ্য সামনে রেখে প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর এ বৈঠককে স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এখন এসব পরিকল্পনার বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে চট্টগ্রামবাসী এর সুফল পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
















