ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ

কপ৩১-এ জলবায়ুজনিত অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতি মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ

14

নিজস্ব প্রতিবেদন: তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু পরিবর্তনজনিত অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি (নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ) এবং বাস্তুচ্যুতি মোকাবিলায় করণীয় নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

১০ নভেম্বর অনুষ্ঠিত এ অধিবেশনে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত ও মানসিক ক্ষয়ক্ষতি চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কেন্দ্র (ICCCAD), অ্যাডামস ফাউন্ডেশন এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU) যৌথভাবে অধিবেশনটির আয়োজন করে। এতে সহযোগিতা করে জার্মানওয়াচ, আইডিআরসি কানাডা এবং ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস।

অনুষ্ঠানে ‘Beyond Economic Losses: Strengthening Bangladesh’s National Mechanism on Loss and Damage through NELD Evidences’ শীর্ষক একটি নীতিসংক্ষিপ্তের মোড়ক উন্মোচন করা হয়। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন-জীবিকা, সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্যবাহী জ্ঞান, সামাজিক সংহতি এবং প্রতিবেশব্যবস্থার ওপর সৃষ্ট অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নীতিসংক্ষিপ্তে বাংলাদেশের জাতীয় ক্ষয়ক্ষতি মোকাবিলা ব্যবস্থা (NMLD) কার্যকর করতে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য ও প্রমাণ ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অধিবেশনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ুজনিত অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণার ফলাফল এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। পাশাপাশি এ বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্যানেল আলোচনা এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে পরিকল্পিত পুনর্বাসনসংক্রান্ত একটি প্রমিত নির্দেশিকা উপস্থাপন করা হয়।

আলোচনায় বক্তারা অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণে কার্যকর তথ্যব্যবস্থা গড়ে তোলা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক পুনর্বাসন কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

অধিবেশনে সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, জলবায়ু আলোচক, গবেষক এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস্তুচ্যুতি ও জীবিকাগত সংকট ক্রমেই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হচ্ছে। এ পরিস্থিতিতে শুধু আর্থিক ক্ষয়ক্ষতি নয়, মানুষের সামাজিক পরিচয়, সংস্কৃতি, ঐতিহ্য ও মানসিক সুস্থতার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে জাতীয় পর্যায়ে কার্যকর নীতিমালা ও পুনর্বাসনব্যবস্থা গড়ে তোলার বিষয়টি অধিবেশনে বিশেষ গুরুত্ব পায়।

Advertisement