মিরসরাইয়ে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের উদ্যোগ আশরাফ উদ্দিনের

2

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অবহেলিত ও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়া মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন। স্থানীয় খেলোয়াড় ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মাঠটি সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

দীর্ঘদিন ধরে মাঠের বিভিন্ন স্থানে খানাখন্দ ও অসমতল থাকায় শিক্ষার্থী, স্থানীয় খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছিলেন না। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা আশরাফ উদ্দিনের নজরে আনলে তিনি মাঠ সংস্কারের উদ্যোগ নেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম বদরুল।

পরিদর্শনকালে মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসানসহ স্থানীয় কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মো. আশরাফ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে মাঠটি খেলাধুলার অনুপযোগী থাকায় শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়রা সমস্যায় পড়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছি। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Advertisement