এম হেলাল উদ্দিন নিরব: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে তিন চাকার সিএনজি ও অটোরিকশার অবাধ চলাচল যেন নিয়মে পরিণত হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ এই রুটে অনুমোদন ও চলাচলের বিধিনিষেধ উপেক্ষা করে অটোরিকশা চলাচলের অভিযোগ দীর্ঘদিনের। যাত্রী ওঠানামা, হঠাৎ ইউটার্ন, ওভারটেকিং এবং মহাসড়কের ব্যস্ত অংশে যত্রতত্র থামার কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও কার্যকর নিয়ন্ত্রণে নেই দৃশ্যমান উদ্যোগ।
সরেজমিনে দেখা যায়, চন্দনাইশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। অনেক সময় একাধিক অটোরিকশা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আবার যাত্রী পাওয়ার আশায় কিছু চালক দ্রুতগতির মহাসড়কেই হঠাৎ গতি কমিয়ে কিংবা থামিয়ে দেন। এতে পেছন থেকে আসা বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মহাসড়কে অটোরিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে ব্যস্ত বাজার, মোড় ও সংযোগ সড়কের মুখে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, কিছু চালক ট্রাফিক আইন না মেনে প্রতিযোগিতামূলকভাবে যাত্রী তোলার চেষ্টা করেন। এতে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদেরও পড়তে হচ্ছে বিপাকে।
স্থানীয়দের সবচেয়ে বড় প্রশ্ন—মহাসড়কে নিয়ম ভঙ্গ করে অটোরিকশা চলাচল করলে তা দেখার দায়িত্ব কার? দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার পর সাময়িক অভিযান পরিচালনা করা হলেও নিয়মিত নজরদারি না থাকায় পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে আসে বলে অভিযোগ রয়েছে।
সচেতন নাগরিকদের দাবি, শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। কোন কোন এলাকায় অটোরিকশা বেশি ঝুঁকি তৈরি করছে, কোন যানবাহন বা চালক নিয়ম ভাঙছে এবং দুর্ঘটনার পেছনে কী ধরনের অনিয়ম কাজ করছে—এসব বিষয় চিহ্নিত করে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি প্রয়োজন।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। এর মধ্যে দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের সঙ্গে অটোরিকশার গতি ও আকারের বড় পার্থক্য রয়েছে। ফলে সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
একাধিক পথচারী ও যাত্রীর অভিযোগ, মহাসড়কের পাশে অটোরিকশার স্ট্যান্ডসদৃশ অবস্থান এবং যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করা না গেলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
স্থানীয়দের মতে, দুর্ঘটনা কমাতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে নিয়মিত ট্রাফিক নজরদারি, অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন উচ্ছেদ এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করা জরুরি। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
চন্দনাইশের মানুষের প্রশ্ন এখন একটাই—আর কত দুর্ঘটনা ঘটলে মহাসড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ যানজট নিরসনে অভিযান পরিচালনা করে অবৈধ গাড়ী আটক করলে রাজনৈতিক নেতা পরিচয়ে তদবিরের কারণে ছেড়ে দিতে হয়। তাই এখন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভুমিকা পালন করছে।
এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, মহাসড়ককে যানজটমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের টহল ডিউটির একটি গাড়ী নষ্ট হওয়ায় কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছে। তবে শীঘ্রই আমরা অবৈধ এবং থ্রী হুইলার অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।

















