সোনার দাম কমলে কার লাভ কার ক্ষতি

32

বিশ্ববাজারে সোনার দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে দেশের স্বর্ণবাজারেও। সোনার দাম কমায় একদিকে নতুন ক্রেতাদের জন্য কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে বেশি দামে সোনা কিনে রাখা বিনিয়োগকারীরা পড়েছেন লোকসানের ঝুঁকিতে। শুধু ক্রেতা-বিক্রেতা নয়, স্বর্ণখনি কোম্পানি, জুয়েলারি ব্যবসায়ী ও বিনিয়োগ তহবিলের ওপরও পড়ছে এর প্রভাব।

Advertisement

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, দেশটির ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে বিশ্ববাজারে সোনার দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়েছে। টানা পাঁচ দফায় সোনার দাম কমানোয় প্রতি ভরিতে দাম প্রায় ১২ হাজার টাকা কমেছে। সর্বশেষ শনিবারের হিসাবে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

নতুন ক্রেতাদের জন্য স্বস্তি

সোনার দাম কমায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নতুন ক্রেতারা। বিশেষ করে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য যাঁরা স্বর্ণালংকার কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য তুলনামূলক কম দামে সোনা কেনার সুযোগ তৈরি হয়েছে।

তবে দাম কমেছে বলেই এখন সোনা কিনলে ভবিষ্যতে লাভ হবে, এমন নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ডলারের বিনিময়মূল্য, সুদের হার ও ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে সোনার দাম আরও কমতে পারে।

বেশি দামে কেনা বিনিয়োগকারীদের লোকসান

যাঁরা আগে বেশি দামে সোনা কিনে রেখেছেন, দাম কমলে তাঁদের সম্পদের বাজারমূল্য কমে যায়। উদাহরণ হিসেবে, কোনো বিনিয়োগকারী প্রতি আউন্স ৪ হাজার ২০০ ডলারে সোনা কিনে থাকলে দাম ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে নেমে আসায় তাঁর কাগজে-কলমে লোকসান হবে প্রায় ৮ দশমিক ৬ শতাংশ।

একইভাবে সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরাও দাম কমার কারণে ক্ষতির মুখে পড়তে পারেন।

স্বর্ণখনি কোম্পানির মুনাফা কমার আশঙ্কা

সোনার দাম কমলে স্বর্ণখনি কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হয়। কারণ, সোনা উত্তোলনে শ্রমিকের মজুরি, জ্বালানি, বিদ্যুৎ, যন্ত্রপাতি ও খনি রক্ষণাবেক্ষণে বিপুল অর্থ ব্যয় করতে হয়। কিন্তু বাজারে সোনার দাম কমলেও এসব উৎপাদন ব্যয় একই হারে কমে না। ফলে কোম্পানিগুলোর মুনাফা সংকুচিত হয়।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বে স্বর্ণখনি কোম্পানিগুলোর গড় উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ব্যয় (এআইএসসি) প্রতি আউন্সে ১ হাজার ৯৩০ ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা অব্যাহত

বিশ্ববাজারে দাম কমলেও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কেনা অব্যাহত রেখেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিট ৩২১ টন সোনা কিনেছে। চলতি বছরের প্রথম নয় মাসে তাদের মোট সোনা কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৫ টন।

ডলারের ওপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুত বাড়াচ্ছে।

সব মিলিয়ে লাভ-ক্ষতির হিসাব

সোনার দাম কমলে নতুন ক্রেতারা সুবিধা পেলেও আগে বেশি দামে কেনা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে স্বর্ণখনি কোম্পানির মুনাফা ও শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের কাছে কম দাম নতুন করে সোনা কেনার সুযোগ তৈরি করতে পারে।

অর্থাৎ, সোনার দাম কমা মানেই সবার লাভ কিংবা সবার ক্ষতি নয়। কে কখন, কী দামে এবং কী উদ্দেশ্যে সোনা কিনেছেন—তার ওপরই নির্ভর করছে লাভ-ক্ষতির হিসাব।

Advertisement