ভর্তি ফি ও অন্যান্য অর্থ পরিশোধে চালু হবে আধুনিক ব্যাংকিং সুবিধা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে পারস্পরিক ব্যাংকিং ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি, শিক্ষার্থী ও অ্যালামনাইদের বিভিন্ন ফি আদায়ে (পেমেন্ট কালেকশন) আধুনিক ব্যাংকিং সেবা চালু করা হবে। পাশাপাশি সরাসরি এপিআই ইন্টিগ্রেশনের (API Integration) মাধ্যমে অর্থ লেনদেন ও তথ্য আদান-প্রদানের কার্যক্রম আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এ সময় উপাচার্য এ ধরনের উদ্যোগ ও সহযোগিতার জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির জোনাল হেড মুহাম্মদ আরিফুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম। অন্যদিকে ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ছালামত উল্লাহ, ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. এমদাদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাইদের আর্থিক লেনদেন আরও সহজ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক ও ব্যাংকিং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Advertisement