সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখার মূল ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় অবস্থিত শাখাটিতে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে বাইরে অস্বাভাবিক আলো দেখতে পান। নিচে তাকিয়ে ব্যাংকের মূল ফটকে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করে অন্যদের ডেকে তোলেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিচে নেমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় একটি বৈদ্যুতিক তার পুড়ে গেছে এবং ঘটনাস্থল থেকে আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের মূল ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

















