চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথিত নৈরাজ্য, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক হল এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল ও স্যার এ এফ রহমান হল এলাকা অতিক্রম করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল এবং অতীশ দীপঙ্কর হল হয়ে প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে এগিয়ে যায়।
পরবর্তীতে ছাত্রী হল এলাকা, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল ও টিচার্স ক্লাব প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের লেডিস ঝুপড়িতে গিয়ে মিছিলটি শেষ হয়। পুরো মিছিলজুড়ে নেতা-কর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে লেডিস ঝুপড়িতে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। বক্তব্যে মো. ইয়াছিন অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে পরিকল্পিতভাবে নৈরাজ্য, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে পুনরায় অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্যকর বা নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রস্তুত রয়েছে। ক্যাম্পাসে কোনো অপশক্তিকে ঠাঁই দেওয়া হবে না।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, জালাল সিদ্দিকী এবং শাফায়াত হোসেন।
বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদ পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

















