চিকিৎসার নামে দর-কষাকষি, কমিশন-বাণিজ্য ও ঘুষে জর্জরিত স্বাস্থ্য খাত; দুর্নীতির শিকার সাধারণ মানুষ

40

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদন ২০২৫–২৬-এ। চিকিৎসা নিতে গিয়ে সরকারি হাসপাতালে পদে পদে বাড়তি টাকা দিতে হচ্ছে রোগীদের। কোথাও শয্যা পেতে, কোথাও অস্ত্রোপচারের তারিখ নির্ধারণে, আবার কোথাও ছাড়পত্র পেতেও গুনতে হচ্ছে অনানুষ্ঠানিক অর্থ। অন্যদিকে, ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে একশ্রেণির চিকিৎসকের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগও উঠে এসেছে প্রতিবেদনে।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের সমন্বয়ে তৈরি প্রতিবেদনটিতে ১১টি অধ্যায়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে বিভিন্ন পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিয়ে থাকে। নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে এই কমিশন দেওয়া হয়। এতে চিকিৎসার ব্যয় বাড়ার পাশাপাশি রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকিও তৈরি হচ্ছে।

সরকারি হাসপাতালগুলোতেও রোগীদের ভোগান্তির চিত্র উঠে এসেছে। হাসপাতালে প্রবেশের আগেই অনেককে দালালের খপ্পরে পড়তে হয়। এরপর টিকিট, হুইলচেয়ার, শয্যা বরাদ্দ, ভর্তি, ছাড়পত্র, রক্ত সংগ্রহ এবং অস্ত্রোপচারের তারিখ পেতে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক অর্থ দিতে হয়। এমনকি সার্জিক্যাল সামগ্রী, ড্রেসিং উপকরণ, অক্সিজেন ও হাসপাতালের খাবার নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে।

স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। দুটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির হার ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে। কর্মস্থলে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ছাড়া স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম, চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসা শিক্ষার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতির মতো নীতিগত ও কৌশলগত দুর্নীতিও সমান ক্ষতিকর। প্রতিবেদনটিকে নিজের কাজের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দলিল হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অনৈতিক আচরণের ফল নয়; বরং এটি পদ্ধতিগত দুর্বলতা ও সুশাসনের ঘাটতির প্রকাশ।

দুর্নীতি প্রতিরোধে প্রতিবেদনে কমিশনভিত্তিক রোগী রেফারেল আইন করে নিষিদ্ধ করা, চিকিৎসায় অবহেলার ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণের বিধান, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনের সারকথা হলো, স্বাস্থ্যসেবা মানুষের অধিকার হলেও দুর্নীতি ও জবাবদিহির অভাবে তা অনেক ক্ষেত্রে দর-কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।

Advertisement