মহিউদ্দিন টিপু, চবি থেকে: গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উৎসব যেন একাই জমিয়ে তুলেছে বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচ। দেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের ছয় দশক পূর্তির মহামিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিবন্ধন করে রীতিমতো রেকর্ড গড়েছে ব্যাচটি। আর এই ঐতিহাসিক উৎসবের নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাচেরই কৃতি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ২১তম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর এই পুরো আয়োজন জুড়েই ছিল ‘২১’ সংখ্যার এক অনন্য ও মধুর কাকতালীয় সংযোগ। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান নিজেই চবির ২১তম ব্যাচের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। গত ১৭ মার্চ ২০২৬ তারিখে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে পুরো উৎসবের নেতৃত্ব দেন।
অন্যদিকে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে হীরকজয়ন্তী উৎসবে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি সংখ্যক নিবন্ধনও করেছেন এই ২১তম ব্যাচের শিক্ষার্থীরাই।
গতকাল বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) সকাল থেকে দিনব্যাপী বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় চবির হীরকজয়ন্তী। সবুজ পাহাড়ঘেরা ক্যাম্পাসে দেশ-বিদেশ থেকে ছুটে আসা প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীর ভিড়ে ২১তম ব্যাচের উপস্থিতি ছিল সবচেয়ে চোখে পড়ার মতো। নিজেদের ব্যাচের একজন সহপাঠী যখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক বা উপাচার্যের আসনে বসে ৬০ বছর পূর্তির নেতৃত্ব দিচ্ছেন, তখন সেই আবেগ ও গর্ব ছুঁয়ে গেছে ব্যাচের প্রতিটি সদস্যকে। ফলে দেশ ও প্রবাসে থাকা ২১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন করে প্রিয় ক্যাম্পাসে ছুটে এসেছেন। র্যালি থেকে শুরু করে আড্ডা ও কনসার্ট—পুরো ক্যাম্পাস জুড়েই ছিল একুশতম ব্যাচের প্রাণবন্ত উচ্ছ্বাস।
হীরকজয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে উপাচার্য ও ২১তম ব্যাচের গর্ব অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এই বিশাল মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ৭৫ বছর পূর্তির আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক এবং বিশ্বমানের গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
















