চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় তাঁর কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় শিক্ষার্থীরা চুয়েটে চলমান আন্দোলনের বিভিন্ন দিক ও প্রেক্ষাপট তুলে ধরেন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আন্দোলনের প্রশংসা করেন রুহুল কবির রিজভী। কোনো ধরনের অরাজকতা ছাড়াই আন্দোলন পরিচালনার জন্য তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। পাশাপাশি ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
এ বিষয়ে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, তাঁরা উপাচার্য পুনর্বহালের দাবি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন। তাঁর মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির আলোকে সিদ্ধান্ত নেবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফিরিয়ে আনবে বলে তাঁরা আশা করছেন।
উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও আন্দোলনে যুক্ত হন।
টানা ৩৬ দিনের শাটডাউন কর্মসূচির পর ২৮ অক্টোবর থেকে একাডেমিক কার্যক্রমে ফেরেন শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি অব্যাহত রেখেছেন তাঁরা।
এর আগে একই দাবিতে শিক্ষার্থীরা পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছেও স্মারকলিপি প্রদান করেন।

















