চট্টলা নিউজ ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, আইন মেনে চলা এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি সম্পর্কে সচেতন করতে করণীয় ও বর্জনীয় বিষয়সম্বলিত বিশেষ নির্দেশনামূলক ফটোকার্ড প্রকাশ করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।
নির্দেশনায় বিদেশযাত্রার প্রস্তুতি থেকে শুরু করে ইকামা, চাকরি, বেতন, কর্মক্ষেত্রের অধিকার, সামাজিক আচরণ, ধর্মীয় রীতি, সড়ক নিরাপত্তা, চিকিৎসা, আর্থিক লেনদেন এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়েছে।
নির্দেশনায় বিশেষভাবে সামাজিক আচরণ ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে সতর্ক করা হয়েছে। অপরিচিত নারীর কাছে মোবাইল নম্বর চাওয়া বা মেসেজ পাঠানো, নারীদের দিকে তাকিয়ে থাকা, পিছু নেওয়া কিংবা কোনোভাবে হয়রানি না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের আদর করা, স্পর্শ করা, কোলে নেওয়া কিংবা তাদের খাবার দেওয়ার মতো আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া জনসমাগমস্থলে শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখা, লাইনে দাঁড়ানো, বয়স্কদের সালাম দেওয়া এবং সম্মান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকাশ্যে ঝগড়া, গালাগালি, মারামারি কিংবা জাতি, দেশ ও গায়ের রং নিয়ে কটূক্তি না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
বিদেশযাত্রার আগে ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি যাচাই, বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ এবং মেডিকেল টেস্ট সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে পৌঁছানোর পর ইকামার মেয়াদ Absher-এ যাচাই, QIWA প্ল্যাটফর্মে নিয়োগসংক্রান্ত তথ্য ও ওয়ার্ক পারমিট পরীক্ষা এবং পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকা নিশ্চিত করতে বলা হয়েছে।
চাকরি ও বেতনসংক্রান্ত বিষয়ে নিয়োগচুক্তির কপি এবং কাজের প্রমাণ সংরক্ষণ, ব্যাংকিং চ্যানেলে বেতন গ্রহণ ও ব্যাংক স্টেটমেন্ট সংরক্ষণের নির্দেশনা রয়েছে। কোনো সমস্যা হলে সৌদি আরবের শ্রম অভিযোগ নম্বর ১৯৯১১ অথবা দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। অনুমোদন ছাড়া নতুন কাজে যোগদান, নিয়োগকর্তার বাইরে কাজ করা কিংবা বিরোধের কারণে কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ার মতো পদক্ষেপ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
সড়ক ও ট্রাফিক নিরাপত্তায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বিমা নিশ্চিত করা, সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থল না ছেড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনাও রয়েছে।
এ ছাড়া অনুমোদিত ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো, নিয়মিত সঞ্চয়, ওষুধ দেশে নেওয়ার ক্ষেত্রে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (SFDA) অনুমতি গ্রহণ, প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখা এবং অতিরিক্ত ওষুধ বহন না করার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি মেনে চলা, নামাজের সময় কাজ বন্ধ রাখা, মসজিদে মোবাইল নীরব রাখা এবং ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য ও পোস্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া শিশু, নারী ও পরিবারের সদস্যদের ছবি তোলা বা প্রকাশ না করা এবং নিরাপত্তাসংবেদনশীল স্থানের ছবি-ভিডিও ধারণ ও শেয়ার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
নির্দেশনায় জরুরি প্রয়োজনে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের জন্য ৯১১ ও ৯৯৯ নম্বর, অ্যাম্বুলেন্সের জন্য ৯৯৭, অগ্নিনির্বাপণের জন্য ৯৯৮ এবং ট্রাফিক পুলিশের জন্য ৯৯৩ নম্বরে যোগাযোগের তথ্য দেওয়া হয়েছে। প্রবাসীদের প্রয়োজনে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনার শেষাংশে প্রবাসীদের আইন মেনে চলা, লেনদেনের প্রমাণ সংরক্ষণ এবং বিপদে একক সিদ্ধান্ত না নিয়ে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
















