চট্টগ্রামে শুরু হলো ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহযোগিতায় চট্টগ্রামে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর বিভাগীয় পর্যায়ের ‘এ’ গ্রুপের খেলা।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য তাউছ মো. বেনী আমিন চৌধুরী।

প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথি, দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়।

সিজেকেএসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কোচ মো. মোমিনুল হক, সাবেক জাতীয় ক্রিকেটার ও বিভাগীয় কোচ নাজিম উদ্দিন, সহকারী জেলা কোচ মো. তানভীর, ফেনী জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন, রাঙামাটি জেলা কোচ মহিতোষ দেওয়ান এবং সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফেনী ও রাঙামাটি জেলা দল। বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

Advertisement