চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে রোগীদের প্রতি আন্তরিক হতে হবে: চসিক প্রশাসক

1

চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হতে হলে রোগীদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

Advertisement

তিনি বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার মহান ব্রত। একজন চিকিৎসকের সাফল্য শুধু তাঁর ডিগ্রি, দক্ষতা কিংবা পদমর্যাদার ওপর নির্ভর করে না, বরং রোগীর প্রতি তাঁর আচরণ, দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই প্রকৃত সাফল্য প্রতিফলিত হয়।

তিনি রোববার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে নবীন চিকিৎসকদের রিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নবীন চিকিৎসকদের উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাশাস্ত্রে অর্জিত জ্ঞান ও দক্ষতা রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে। রোগীরা চিকিৎসকের কাছে শুধু ওষুধ কিংবা চিকিৎসাসেবা নিতে আসেন না, তাঁরা ভরসা ও আশ্রয়ও খোঁজেন। তাই রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁর শারীরিক ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া এবং যথাযথ সম্মান ও সহমর্মিতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা প্রত্যেক চিকিৎসকের নৈতিক দায়িত্ব। রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার প্রতি সমান মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের প্রতিনিয়ত অগ্রগতি হচ্ছে। একজন চিকিৎসককে পেশাগত জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনা, গবেষণা, আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে। চিকিৎসাবিজ্ঞানে অর্জিত জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।

প্রশাসক বলেন, ইন্টার্নশিপ একজন চিকিৎসকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। হাসপাতালে দায়িত্ব পালনের সময় রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান এবং পেশাগত শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, চিকিৎসকের একটি আন্তরিক কথা রোগীকে মানসিক শক্তি দিতে পারে, আবার অসৌজন্যমূলক আচরণ রোগীর কষ্ট বাড়িয়ে দিতে পারে। তাই দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ, নৈতিক ও মানবিক চিকিৎসকের বিকল্প নেই। চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থা তৈরি হলে চিকিৎসাসেবা আরও কার্যকর হয়। নবীন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম ইমনের সভাপতিত্বে ও ডা. রক্তিম চৌধুরী তুর্য এবং ডা. সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠান স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা: তমিজ উদ্দীন আহমেদ মানিক, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা: খুরশীদ জামিল চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা: ইফতেখারুল ইসলাম লিটন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট প্রধান অধ্যাপক ডা: মনোজ কুমার, ইন্টার্ন কোওর্ডিনেটর অধ্যাপক ডা: সৈয়দ মাহতাব উল ইসলাম, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা: ইমরোজ উদ্দীন, নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ড্যাবের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা: নুরুল করিম চৌধুরী, ড্যাব কেন্দ্রীয় কমিটি সহ ডক্টরস ওয়েলফেয়ার সেক্রেটারি ডা: মো: সাদ্দাম হোসেন, অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা: মোনায়েম ফরহাদ ও ডা: আসিফ মহারাজ। রিসেপশন প্রোগ্রাম এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

Advertisement