চট্টগ্রামে নকল লুব্রিকেন্টস উৎপাদন ও বাজারজাতের অপরাধে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

30

নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং ভোক্তা-স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকার পোড়া মসজিদের পেছনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), চট্টগ্রামের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি এনএসআই, সিটিএসবি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানকালে জয়শ্রী অটোমোবাইলস নামক প্রতিষ্ঠানের ভেতরে ড্রামে সংরক্ষিত লুব্রিকেন্টসের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে Havoline, Sharlu, RSN ও Motul-সহ বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ও ব্রেক অয়েল উৎপাদন এবং পরবর্তী সময়ে বিভিন্ন খুচরা দোকানে সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রতিনিধি কোনো ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের লাইসেন্স প্রদর্শন করতে পারেন নি।

উল্লিখিত অনিয়মের পরিপ্রেক্ষিতে জয়শ্রী অটোমোবাইলসের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

উল্লেখ্য, একই অভিযানে নিউ মোস্তফা এন্ড সন্স নামক অপর একটি প্রতিষ্ঠানকে ভেজাল মবিল উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং ভোক্তা-স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement