সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

1

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এরপর ৭ম, ৯ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণ করতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।

Advertisement