সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোমিন উদ্দিন মিন্টু।
মঙ্গলবার রাতে শীতলপুরস্থ গামারীতলা তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার কথা জানান।
মতবিনিময় সভায় তিনি প্রথমধাপে ২১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।
মোমিন উদ্দিন মিন্টু বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা। রাজনৈতিক নির্যাতন, হামলা-মামলা, বাড়ি-ঘর বিতাড়িত হয়েও ছেড়ে দেননি সমাজসেবা ও মানবসেবার মত মহৎ কাজ। আগামীতে একজন অভিভাবক হয়ে আরো বেশি কাজ করার সুযোগ তৈরী হয়েছে। আমি সীতাকুণ্ডের সব ইউনিয়ন থেকে ৮ নং সোনাইছড়ি ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এটি হবে একটি মডেল ইউনিয়ন। আমি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, বেকার যুবক-তরুণদের নিয়ে কাজ করতে চাই, গরীব মানুষদের নিয়ে কাজ করতে চাই।
মিন্টু বলেন, “রাজনীতি আমার কাছে ব্যক্তিগত লাভ বা ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের সেবা করার একটি সুযোগ। দীর্ঘদিন ধরে আমি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে জনগণ আমাকে নির্বাচিত করলে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট, কৃষি, শিক্ষা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”

















