চট্টলা নিউজ: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বহুতল ভবন পাশের ছয়তলা ভবনের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পাশের ছয়তলা হালিমা ম্যানশনের বিভিন্ন ফ্ল্যাটের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভবনটির বাসিন্দা ও ভাড়াটিয়ারা।
হালিমা ম্যানশনের মালিক আহমদ উল্লাহ এ ঘটনায় পটিয়া পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়। তাঁর দাবি, আকস্মিক ভূমিকম্পের পর পাশের ভবনটি তাঁর ভবনের দিকে হেলে পড়ে। এর ফলে হালিমা ম্যানশনের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে।
আহমদ উল্লাহ জানান, ভবনটির উত্তর পাশের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের দেয়ালে এবং দক্ষিণ পাশের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি ফ্ল্যাটে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি পাশের ভবনের মালিককে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। আতঙ্কের কারণে কয়েকজন ভাড়াটিয়া বাসা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পাশের ভবনের মালিক মো. হাসান। তাঁর দাবি, আগে একজন প্রকৌশলী ভবনটি পরিদর্শন করে জানিয়েছিলেন, তাঁর ভবন হেলে পড়েনি; বরং হালিমা ম্যানশনেই সমস্যা রয়েছে।
এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, হালিমা ম্যানশন ছাড়াও এ ধরনের আরও কয়েকটি ভবন নিয়ে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভবনটির প্রকৃত অবস্থা ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রকৌশলগত পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

















