মিরসরাইয়ের জাহেদ দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত

13

মিরসরাই প্রতিনিধি: জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন। ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আওতায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

Advertisement

মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশ থেকে ১৮ জন বিজয়ী উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ জন্য বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি, ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি), অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে উদ্যোক্তাদের দক্ষতা যাচাই করা হয়। সর্বশেষ ১৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শেখ জোবায়ের আহমেদ, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্‌স উল আরেফিন খান, UNDP-এর ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা এমিয়ার, ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এবং ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক। অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত মোট ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

Advertisement