চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে ‘প্রসূতিজনিত ফিস্টুলা নির্মূল ও মাতৃস্বাস্থ্য নীতি’ বিষয়ক বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালা আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার নগরীর সিনেমা প্যলেস সংলগ্ন লয়েল রোডের স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসডিজি অর্জনের অংশ হিসেবে ফিস্টুলা নির্মূল এবং মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’ (সিআইপিআরবি) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি সভাপতিত্বে ও সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমানের সঞ্চালনায় অনষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি ডা. জিনাত আরা চৌধুরী ও চমেক হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. তাজিন সুলতানা ও স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপপরিচালক ডা.কমরুল আযাদ।
কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সিআইপিআরবি’র প্রজনন ও শিশু স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবদুল হালিম ও উপপরিচালক ড. আবু সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ মূল বিষয় উপস্থাপন করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিআইপিআরবি ও ইউএনএফপিএ, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, পেশাজীবিবৃন্দসহ সংশ্লিষ্টরা বিভাগীয় কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় ‘মাতৃস্বাস্থ্য নীতি বাস্তবায়ন,অগ্রাধিকার, সেবা প্রদানের ক্ষেত্রে ঘাটতি ও বিভাগীয় পদক্ষেপ’, ‘লেবার কেয়ার গাইড’ (প্রসবকালীন সেবা নির্দেশিকা), ‘প্রসব পরবর্তী রক্তক্ষরণ’ (পোস্টপার্টাম হেমোরেজ) এবং ‘একলাম্পসিয়া’ (গর্ভকালীন খিঁচুনি রোগ), ‘অবস্টেট্রিক ফিস্টুলা (প্রসূতিজনিত ফিস্ট্রলা) পরিস্থিতি, প্রতিরোধ, শনাক্তকরণ, রেফারেল ও চিকিৎসা এবং এটি নির্মূলে অর্জিত অগ্রগতি বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরা হয়।
কর্মশালায় অতিথিবৃন্দ অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ, সকল গর্ভবতী নারীর জন্য প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক প্রসবের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন
তারা এসডিজি অর্জনে ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূল করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে মাতৃমৃত্যু হার আরও কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদান করেন।
বিশেষজ্ঞরা মাঠপর্যায়ের জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করার ক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান, যাতে তারা প্রয়োজনীয় রেফারেল, চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসন সুবিধা পেতে পারেন।
কর্মশালায় বক্তারা আরও বলেন, ফিস্টুলায় আক্রান্ত অনেক রোগীকে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও রেফারেল নিশ্চিতকরণ, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, পুনর্বাসনের আওতায় আনতে মাঠপর্যায়ে জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা, অস্ত্রোপচার ওস্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা অপরিহার্য।

















