চট্টগ্রাম নগরীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পসহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন

1

চট্টলা নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম-সিলেট বিভাগের পল্লি বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দ্বিতীয় সংশোধন সম্পর্কেও সভায় অবহিত করা হয়েছে।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহমান সাকি সাংবাদিকদের এ তথ্য জানান।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একটি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে। এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লি বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি প্রকল্পের তালিকায় রয়েছে। পরিকল্পনামন্ত্রী আগেই প্রকল্পটি অনুমোদন করেছিলেন। একনেক সভায় এ বিষয়ে সদস্যদের অবহিত করা হয়। অর্থাৎ এটি নতুন করে অনুমোদিত ১০টি প্রকল্পের অন্তর্ভুক্ত নয়।

অন্যান্য অনুমোদিত প্রকল্প

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদন পেয়েছে।

এ ছাড়া জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন, চরফ্যাশনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিংবোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে উন্নয়ন এবং কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প ছাড়াও বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা, উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগার আধুনিকায়ন, মৎস্যসম্পদ উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প রয়েছে।

Advertisement