আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও ইসহাক কাদের চৌধুরী একাদশ।
বৃহস্পতিবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৬৬ রানে আলো সিড়ি ক্লাবকে এবং ইসহাক কাদের চৌধুরী একাদশ ৪ উইকেটে চট্টগ্রাম চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
সকালে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরাফাত সর্বোচ্চ ৫০ বলে ৬৭, তন্ময় ১৭ বলে ২৮ তারেক ১৭রান করেন। বল হাতে আলো সিড়ি ক্লাবের রাফি ২৯, সায়মন ও জিমু ৩৫ রানে ২টি করে উইকেট লাভ করে।
১৬২ রানের টার্গেটে ব্যাট করতে দলীয় ব্যাটিং বিপজ্জয়ে পড়ে আলো সিড়ি ক্লাব ১৪.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়। ফলে ম্যাচ ৬৬ রানে জয় পায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি। আলো সিড়ি ক্লাবের পক্ষে জয় সর্বোচ্চ ২৬ বলে ৪৫ ও সাব্বির ১০ বলে ১৪ রান করেন। বল হাতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি তাসলিম ১৬ রানে ৫ উইকেট, মাহামুদুল্লাহ রানা ও ইরফান রাতুল ২টি করে উইকেট লাভ করে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ তাসলিম এর হাতে পুরস্কার তুলে দেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ডা. নুরুল আমিন।
দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টসে জয়লাভ করে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান করে। দলের পক্ষে সামি সর্বোচ্চ ৩২ বলে ৮৩, ইমতিয়াজ ফাহাদ ১৪ বলে ৩৫ ও আসিফ ১৩ বলে ২৪ রান করেন। বল হাতে ইসহাক কাদের চৌধুরী একাদশের বাপ্পা ৩৪ রানে ৩, ইফরান, মুনির ও তৌহিদ ২টি করে উইকেট লাভ করে।
জবাবে ফাইনালে যাওয়ার লক্ষে ১৯৮ রানের টার্গেটকে তাড়া করতে গিয়ে শুরুর দিকে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপজ্জয়ে পড়ে ইসহাক কাদের চৌধুরী একাদশ। পরবর্তীতে ৬ষ্ঠ ও ৭ম উইকেট জুটির নৈপুণ্যে ১৬.২ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে ইসহাক কাদের চৌধুরী একাদশ। দলের পক্ষে সাদিকুর রহমান সর্বোচ্চ ৪৪ বলে ৯৫, সাজ্জাদুল রিপন ২৭ বলে ৪৭ ও সাজিবুল আলম ১৩ বলে অপরাজিত ২৮ রান করেন। বল হাতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির ওয়াকি উদ্দিন ৩৭ রানে ৩ উইকেট লাভ করেন।
খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ইসহাক কাদের চৌধুরী একাদশের সাদিকুর রহমান এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিসি উত্তর মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও মহানগর যুব দল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ কামরুজ্জামান।
শনিবার ফাইনাল, পুরস্কার বিতরণ ও কনসার্টঃ
আগামী ২৮ নভেম্বর, শনিবার সকাল ১০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিকাল ৩ টায় পুরস্কার বিতরণ ও বিকাল ৪ টায় কনসার্ট অনুষ্ঠিত হবে।

















