তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর শিকদার খালাস

313

সাবেক এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় খালাস দিয়েছেন আদালত।

Advertisement

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, যাদের এ মামলায় ‘ভিকটিম’ বলা হয়েছে, তারা নিজেরা এ মামলা করেননি বা তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন কেউ এ মামলার বাদী নন। এমনকি তারা এ মামলায় সাক্ষীও ছিলেন না। মামলা করেছেন দূরের একজন, যার এ অভিযোগে মামলা করার এখতিয়ার নেই।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রবীর সিকদার বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি।’

এর আগে চলতি বছরের ২২ মার্চ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ এপ্রিল (বৃহস্পতিবার) দিন ধার্য করেন আদালত। ১ এপ্রিল রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার জন্য ১১ এপ্রিল (রবিবার) দিন ধার্য করেন। ১১ এপ্রিল করোনা পরিস্থির কারণে আদালতের কার্যক্রম স্থগিত থাকায় রায় ঘোষণার জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক প্রবীর শিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।

এর পর ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মনির হোসেন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Advertisement