নগরীর বাকলিয়া থানাধীন আবদুল লতিফ হাটস্থ সিলেট কোম্পানী বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম (৭০) গতকাল ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ ১৪ নভেম্বর (রোববার) বাদে জোহর আবদুল লতিফ হাটস্থ চাঁন্দগাজী জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে বাকলিয়া থানার পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন বাকলিয়া থানা পুলিশ।
এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, বাকলিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছবুর। এরপর সেখানকার কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় বীর মুক্তিযোদ্ধারাসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম।
শোক প্রকাশঃ বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বাকলিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছবুর।
















