বছরের শুরুতে শ্রেণিকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

716

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না হলেও এ বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। আমরা চেষ্টা করছি, সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার। পরিস্থিতির উন্নতি হলে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৮ মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে যখন একটি অতিমারি চলছে, যে কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে তার মধ্যে আমরা এই পাবলিক পরীক্ষাগুলো নিচ্ছি। দেশের এই করোনা পরিস্থিতিকে যেভাবে সামাল দিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকলে যেভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেছে সেজন্য ধন্যবাদ জানাই।

মন্ত্রী আরও বলেন, এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে তা পরবর্তীতে আমরা সমন্বয় করব। কারও অসুবিধা হবে না। তবে আগামী বছরের যে পরীক্ষাগুলো একেবারে যথাসময়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এ বছরের মতো এত দেরি হবে না।

পরে মন্ত্রী চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজে (ছাত্র শাখা) চাঁদপুর জেলায় ১২ থেকে ১৮ বয়সের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

Advertisement