করোনায় আক্রান্ত হয়েছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন গাঙ্গুলি।
বিগত কয়েকদিন টিভি শোয়ের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে হুট করেই ২৭ ডিসেম্বর (সোমবার) অসুস্থ বোধ করেন তিনি। পরবর্তীতে সকালেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতালে ভর্তি করানোর পরেই করোনা পরীক্ষা করা হয় সৌরভের।
প্রথম পরীক্ষায় পজিটিভ আসলে ফের পরীক্ষা করা হয় তাঁর। দ্বিতীয়টিতেও পজিটিভ আসে সৌরভ গাঙ্গুলির। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআইয়ের এই সভাপতি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী হাসপাতাল নয় নিজ বাসায় চিকিৎসা নিতে চান সৌরভ।
তবে সৌরভের শরীরে করোনার উপস্থিতি কোথায় থেকে এলো তা এখনও নিশ্চিত নয়। কেনো না বিগত কয়েকদিন ধরে টিভি শ্যুটিংয়ের পাশাপাশি মুম্বাই এবং বিদেশ সফরেও গিয়েছিলেন সৌরভ।
সৌরভ গাঙ্গুলি নিজে করোনায় আক্রান্ত হলেও করোনায় আক্রান্ত হননি তাঁর সহ-ধর্মিণী ও কন্যা। তাঁরা সুস্থই রয়েছেন।
উল্লেখ্য, এবারই প্রথম অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হননি সৌরভ। এই বছরের শুরুর দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বেশ কয়েকদিন হাসপাতালেই চিকিৎসা নিতে তাঁর।

















