বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে মিনিস্টার ঢাকা। এই জয়ে ঢাকা উঠে এল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে, খুলনা নেমে গেল চারে।
সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। ৩২ রানে ৫ উইকেট পড়ে গেলে ক্রিজে আসেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের ব্যাটে দল ঘুরে দাঁড়ায়।
৫টি চার ও ৪টি ছক্কা হাঁকানো রাজা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৬৪ রান করেন। তার ব্যাটে খুলনা পায় সম্মানজনক সংগ্রহ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানের মধ্যে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরানউজ্জামানকে হারিয়ে ফেলে ঢাকা। এরপর জহুরুল ইসলামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৫৭ রানের পার্টনারশিপ।
জহুরুল ৩৫ বলে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নিলে ক্রিজে আসেন শামসুর রহমান, এসেই শুরু করেন মারকুটে ব্যাটিং। তাকে রেখে সাজঘরে ফেরেন অধিনায়ক রিয়াদ। তার আগে ৩৬ বলে করেন ৩৪ রান। ১৪ বলে ২৫ রান করে থামতে হয় ১৪ বলে ২৫ রান করে শামসুরকেও। এতে ঢাকা একটু চাপে পড়ে যায়।
শেষদিকে ম্যাচ অনেক জমে ওঠে, বিশেষ করে ১৯তম ওভারে খালেদ আহমেদ মাত্র ৪ রান খরচের পর। শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১১ রান। থিসারা পেরেরার করা প্রথম বলেই ছক্কা হাঁকান শুভাগত হোম। পরের বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন দলের জয়। ঢাকা জয় পায় ৫ উইকেট ও ৪ বল হাতে রেখেই।
৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন শুভাগত। ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।
সংক্ষিপ্ত স্কোর
টস : খুলনা টাইগার্স
খুলনা টাইগার্স : ১২৯/৭ (২০ ওভার)
রাজা ৬৪, মেহেদী ১৭, মুশফিক ১২, পেরেরা ১২
সানি ১৫/২, ওমরজাই ২৫/২, কাইস ১২/১
মিনিস্টার ঢাকা : ১৩১/৫ (১৯.২ ওভার)
রিয়াদ ৩৪, জহুরুল ৩০, শামসুর ২৫, শুভাগত ১৮*
পেরেরা পেরেরা ৩৯/২, নাবিল ১০/১
ফল : মিনিস্টার ঢাকা ৫ উইকেটে জয়ী।
















