সাকিবের নৈপুণ্যে ঢাকাকে সহজে হারাল বরিশাল

489

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৮তম ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এই হারে প্লে-অফে যাওয়া নিয়ে সংশয়ে পড়েছে মিনিস্টার ঢাকা।

Advertisement

মিরপুরে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান জড়ো করে ঢাকা। এদিনও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তামিম ইকবাল। ৫০ বলের মোকাবেলায় ৯টি চার ও ১টি ছক্কায় ৬৬ রান করেন তিনি।

তবে তামিম পাননি সতীর্থদের সঙ্গ। শুভাগত হোমের ২৭ বলে ২১ রান ছাড়া আর কেউই পাননি দুই অঙ্কের দেখা। বরিশালের পক্ষে মেহেদী হাসান রানা, ডোয়াইন ব্রাভো ও শফিকুর ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুনিম শাহরিয়ারের ব্যাটে আবারও ঝড়ো শুরু পায় বরিশাল। মুনিম তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে ২৫ বলে ৩৭ রান করে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার ক্রিস গেইল ১১ বলে করেন ৭ রান।

তাদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গী হিসেবে রেখে অধিনায়ক সাকিব আল হাসান চালিয়ে যান মারকুটে ব্যাটিং। ২৯ বলে অর্ধশতক পূরণের পাশাপাশি ক্রিজে থেকেই নিশ্চিত করেন দলের জয়। ২৯ বলে ৫২ রানে অপরাজিত থাকার দিনে সাকিব হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। ২৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শান্ত। বরিশাল জয় পায় ৮ উইকেট ও ২৭ বল হাতে রেখেই।

ফরচুন বরিশাল প্লে-অফ নিশ্চিত করেছে আগেই, এমনকি প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত দলটির। এই জয়ে আবারও দলটি উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ১০ ম্যাচ শেষে মিনিস্টার ঢাকার পয়েন্ট ৯। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের অন্তত যেকোনো এক দল নিজেদের শেষ ম্যাচে হারলে শেষ চারে যাওয়া হবে ঢাকার।

সংক্ষিপ্ত স্কোর
টস : মিনিস্টার ঢাকা

মিনিস্টার ঢাকা : ১২৮/৯ (২০ ওভার)
তামিম ৬৬, শুভাগত ২১*
রানা ১২/২, ব্রাভো ১৮/২, শফিকুল ৩৬/২, মুজিব ১৫/১, সাকিব ২১/১

ফরচুন বরিশাল : ১২৯/২ (১৫.৩ ওভার)
সাকিব ৫১*, মুনিম ৩৭, শান্ত ২৮*
কাইস ১৫/১, শফিউল ২৬/১

ফল : ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী।

Advertisement