শাটলের নিয়মিত শিডিউলের দাবিতে চবির মেইন গেটে শিক্ষার্থীদের তালা

245

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনগুলোকে নিয়মিত শিডিউলে চালানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। এসময় তারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে। পরে প্রক্টরের এসে তাদের সাথে কথা বললে তারা আন্দোলন বন্ধ করে।

জানা যায়, গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যায় লোকো মাস্টাররা। এতে করে সারাদেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ে। লোকো মাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুইদিনের মাথায় লোকো মাস্টাররা আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারাদেশের রেল যোগাযোগ। কিন্তু শাটল ট্রেন চালু হয়নি গত একমাসেও।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এমনিতে শাটল ট্রেন পরিপূর্ণ ভাবে শিক্ষার্থী বহন করতে পারে না। তার উপর তিন জোড়া শাটল বন্ধ থাকায় ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ। শাটলে সিট খালি তো দূরের কথা দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না। বাধ্য হয়ে অনেককে ঝুঁকি নিয়ে শাটলের ছাদে উঠতে হচ্ছে। সশরীরে ক্লাস শুরুর ৫দিন পেরিয়ে গেলেও দুর্ভোগের সমাধান পায়নি তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শাটলের ভোগান্তি সম্পর্কে আমরা অবগত। আমরাও চাই না আমাদের সন্তানরা কষ্ট করুক। বিষয়টি সমাধান করতে গত মঙ্গলবার আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছি, মিটিং করেছি। দফায় দফায় ফোন দিয়েছি। কিন্তু ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে ক্রু সংকট এখন। রেলওয়ে কর্তৃপক্ষ না চাইলে আমাদের পক্ষেতো ক্রু সংকট দূর করা সম্ভব না।

Advertisement