জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাঙালির স্বাধীনতার লাল সূর্য উদিত হয় বলে মন্তব্য করেছেন দারুল উলুম কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মন্তব্য করেন সুজন।
এ সময় তিনি বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতির পিতার অবদান চিরকালই স্মরণীয় হয়ে থাকবে। ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বসহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সব কিছুই হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তিনি ছিলেন স্বাধীন বাংলার রূপকার। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে তিনি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন। ২৫ মার্চ কালরাত্রে পাক হানাদারবাহিনী অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে বাঙালি নিধনযজ্ঞের গণহত্যা শুরু করে। এরই প্রেক্ষাপটে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি দেশের সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। এর পরপরই পাকিস্তানি সামরিক বাহিনী বঙ্গবন্ধুকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা থেকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ চলতে থাকে এবং বঙ্গবন্ধুকে নেতৃত্বের আসনে রেখেই ১৬ ডিসেম্বর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। উদিত হয় বাঙালির স্বাধীনতার লাল সূর্য। আর ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত, শোষনহীন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারনেই আজ বাংলাদেশ বিশ্বের একটি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হতে চলেছে বলে মন্তব্য সুজনের।
মাদরাসা চত্বরে অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের ছাত্র হাফেজ মুহাম্মদ জুবায়ের, নাতে রাসুল পরিবেশন করেন আলিম ২য় বর্ষের ছাত্র আব্দুলাহ রাফি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন কাজি সাদিকা বিনতে সেলিম ও তার দল।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাদ্দিস মও. আনোয়ার হোসাইন, প্রভাষক মও. খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, রফিকুল ইসলাম, মুনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস মও. আহমদুর রহমান নদভী।

















