সারাদেশের মত চট্টগ্রামেও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে সকাল ৬টার পরে চট্টগ্রামের নিউমার্কেটসহ কয়েকটি মোড়ে মিছিল করতে দেখা গেছে।
তবে সোমবার (২৮ মার্চ) নগরীর নিউমার্কেট, ওয়াসা, টাইগারপাস মোড় ঘুরে দেখা গেছে, স্বাভাবিক সময়ের মতো যান চলাচল করছে।
সাধারণ মানুষ বলছেন, হরতাল হলেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়। আবার হরতালের বিষয়ে অবগত নন অনেকে। বাসা থেকে বের হয়েই সবকিছু স্বাভাবিক দেখা যাচ্ছে।
চট্টগ্রাম নগরীর বেশকিছু মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
সকালে বাস চালকরা জানান, অন্য দিনের মতোই গাড়ি চালাচ্ছি। হরতাল থাকলেও গাড়ি চালাতে কোনো সমস্যা হয়নি।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাম জোট।

















