ভারতে সংক্রমণ বাড়ছে, ভ্রমণে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

231

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় প্রতিবেশী দেশটিতে ভ্রমণকারীদের প্রতি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement

সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোঠায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে। সংক্রমণ যেন আবার না বাড়ে।’

আজ রোববার দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে স্বাস্থ্য বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের উন্নতি হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পুষ্টি সেবার উন্নয়ন হয়েছে। এগুলো সব প্রধানমন্ত্রীর চিন্তার ফসল।

তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পুষ্টির ব্যাপারেও সচেতন করা হয়। যে কারণে আগের তুলনায় অনেক মানুষ সচেতন হচ্ছে। তবে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারে আরও জোর দিতে হবে।

মন্ত্রী বলেন, আমরা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করেছি। টিবি, ডায়রিয়া, কলেরা, যক্ষ্মা কন্ট্রোলে আছে। যেসব কারণে মানুষের গড় আয়ু বাড়ছে। কিন্তু অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে। এগুলোর পেছনে মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টি ভূমিকা রাখে।

তিনি বলেন, শুধু খাবার খেলেই হবে না, পুষ্টিকর সুষম খাবার খেতে হবে। পরিমিত খেতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ এবং জাতীয় পুষ্টি পরিষদের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন প্রমুখ।

Advertisement