চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২০২৩ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর তা নির্ভর করছে। এমন অবস্থায় আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে আমাদের নেতাকর্মীদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে জনমুখী কার্যক্রম নিয়ে মানুষের কাছে থাকতে হবে। করোনা মহামারী সময়ে আওয়ামী লীগের নিবেদিত নেতাকর্মীরা যেভাবে জীবন বাজি রেখে জনগণের কল্যাণে ঝাঁপিয়ে পড়েছিল এখনো তাদেরকে সেভাবেই আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ জনগণের কল্যাণে প্রশংসিত কাজ করছে। নেতাকর্মীদের সাংগঠনিক ঐক্য ও নিবেদিত মানসিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজনীতি মানে জনকল্যাণ। জনগণের পাশে থাকলে, জনগণের সেবা করলে জনগণ সেই কাজের প্রতিদান দেবে। মনে রাখতে হবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ধারাকে সমুন্নত রাখতে হলে নির্বাচনে আমাদের বিজয়ের বিকল্প কিছু নেই। আর নির্বাচনে জয়ী হতে হলে একমাত্র চাবিকাঠি জনগণের হাতেই নিহিত রয়েছে। তাই জনগণের আস্থা অর্জন করার লক্ষ্য নিয়ে নেতাকর্মীদেরকে মাঠে থাকতে হবে।
আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম হল চত্বরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রকৌশলী মো. নুরুজ্জামানের ব্যবস্থাপনায় অসচ্ছল তিন জন পুরুষকে তিনটি রিকশা, তিনজন মহিলাকে তিনটি সেলাই মেশিন ও ৫০ জন ক্ষুদে শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা,বিচক্ষণতা, নিরলস শ্রম ও মেধার কারণে দেশে ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা,চিকিৎসা,খাদ্য চাহিদা পূরণসহ মানব উন্নয়ন সূচকে আওয়ামী লীগের সরকারের সফলতা আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। সকল সেক্টরে সরকারের বাস্তবমুখী উন্নয়ন হয়েছে। সরকারের সফলতার গল্প বলে শেষ করা যাবে না।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকল লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার হোসেন মনি, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হায়দার আলী, আসিফ উল্লাহ হামিদী, সাহাবুদ্দিন খালেদ সাইফু, অভ্র ঘোষ, রুবেল আহমেদ বাবু, গোলামুর রহমান মিশু, সোহেল ইসমাইল, রবিউল হাসান, মনির উল্লাহ খান, আমজাদ খান, আবু বক্কর, সাইফুর রহমান ভূঁইয়া, আয়মন মুন্না, সাইদ, সামির, রিফাত,রাজভীর আকাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















