মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চমেকে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, খৈয়াছড়া এলাকায় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজর হাসপাতালের ২৪ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মাইক্রোবাসের হেলপার তৌকিদ ইবনে শাওন (২০), শিক্ষার্থী তছমির পাবেল (১৬), মো. মাহিম (১৮), মো. সৈকত, তানভীর হাসান হৃদয় (১৮) ও মো. ইমন।
তারা হাটহাজারী জুগিরহাট আর অ্যান্ড জে কোচিং সেন্টার থেকে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় গিয়েছিলেন। ঝরনা থেকে ফিরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের ঝরনা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। হতাহতদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
















