এখন থেকে যেখানেই অবরোধ সেখানেই প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। বিএনপির ডাকা অবরোধ ‘প্রত্যাখান করে’ আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে নগরীর নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
এসময় সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র অবরোধ ডেকে জনজীবনে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। তারা অবরোধ আহবান করে ঘরে নাক ডেকে ঘুমায়। অন্যদিকে ভাড়া করা কর্মী দিয়ে জনগনের গাড়ি পোড়ায় এটাই হচ্ছে তাদের রাজনীতি। এভাবে তারা প্রতিদিন জনগনের সম্পত্তির ক্ষতিসাধন করছে। নিরীহ মানুষ হত্যা এবং জ্বালাও-পোড়াও করে তাদের আন্দোলন গতি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, নিরাপত্তা চায়, স্থিতিশীলতা চায়। কোনভাবেই দেশের মানুষকে জিম্মি করে কাউকে রাজনৈতিক ফায়দা লুটতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সুজন বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষে প্রতিদিনই মেগা প্রকল্পসমূহের উদ্বোধন হচ্ছে। এর মধ্য দিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন আগামীকালও দেশের বিভিন্ন স্থানে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েসমূহের উদ্বোধন করা হবে যার মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত এবিএম মহিউদ্দিন চৌধুরী সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়েও রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পরিপূর্ণভাবে চালু হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে চট্টগ্রাম শহরের সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে।এর ফলে যাত্রীগণ নির্বিঘ্নে যানজট ছাড়াই খুব অল্প সময়ে বিমানবন্দরে পৌছাতে পারবে। পাশাপাশি বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আউটার সিটি রিং রোড ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করার আহবান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়া, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, কামাল ইসহাকী, হাফেজ মো. ওকার উদ্দিন, শেখ নওশাদ সরওয়ার পিল্টু, শেখ মো. জসীম উদ্দিন, ওয়াাহিদ মুরাদ রাসেল, জাকির মিয়া, আব্দুল মান্নান, মো. আলী, হাসান মুরাদ, জাহিদ হাসান, অমিত পালিত অংকুর, মো. কাইয়ুম, মাসুদ পারভেজ সোহেল, মো. রানা প্রমূখ।

















